সিরিয়ার ওপর বিমান হামলা অব্যাহত রাখার পরিণতি সম্পর্কে ইসরাইলকে সতর্ক করেছে আমেরিকা।

গতকাল (২৯ জানুয়ারি) মঙ্গলবার মার্কিন সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটিতে শুনানির সময় জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যানিয়েল কোটস এইসব কথা বলেছেন।

তিনি বলেন, সিরিয়ার ওপর ইসরাইলের অব্যাহত বিমান হামলার ফলে দিন দিন ইরানের পক্ষ থেকে পাল্টা হামলার ঝুঁকি বাড়ছে। এই ধরনের হামলার কারণে এক পর্যায়ে ইসরাইলের ওপর ইরান হামলা করে বসতে পারে।

ড্যানিয়েল কোটস তার ভাষায় বলেন, “আমাদের মতে ইসরাইলের সঙ্গে বড় ধরনের সশস্ত্র সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করছে ইরান। কিন্তু ইসরাইলের হামলায় ইরানের ক্ষয়ক্ষতির কারণে তেল আবিবের বিরুদ্ধে পাল্টা হামলার সম্ভাবনা বাড়ছে।”

এর পাশাপাশি তিনি মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বেড়ে চলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। ড্যানিয়েল কোটস বলেন, এই কারণে সংঘাত বেড়ে যেতে পারে। 

কোটস আরও বলেন, সিরিয়ায় স্থায়ী ঘাঁটি গড়ার চেষ্টা করছে ইরান এবং ইসরাইলি হামলা সত্ত্বেও সম্ভবত তারা প্রতিরোধ যোদ্ধাদের নেটওয়ার্ক রক্ষা করে চলার চেষ্টা করছে। 

এমবি