আফগানিস্তানে ৭ ভারতীয় ইঞ্জিনিয়ারকে অপহরণ করেছেন অজ্ঞাত সশস্ত্র দুর্বৃত্তরা। দ্য আফগানিস্তান ব্রেসনা শেরকাট নামে একটি নির্মাণ সংস্থার কর্মী ছিলেন অপহৃত ওই ৭ ভারতীয় ইঞ্জিনিয়ার।

আজ (রোববার) সকালে এদের অপহরণ করা হয় হয়েছে। আফগানিস্তানের বাগলান প্রদেশে একটি ইলেকট্রিক সাব স্টেশন তৈরির কাজ করছিল এই সংস্থাটি। খবর রয়টার্স, এনডিটিভি।

আফগানিস্তানের বাগলান পুলিশের মুখপত্র জাবিউল্লা সুজা বলেন, রোববার (০৬ মে) সকালে একটি সরকারি পাওয়ার সাব স্টেশনের বাসে করে যাচ্ছিলেন ওই ৭ ভারতীয় ইঞ্জিনিয়ার। মাঝপথে বাগ-এ-সামল নামে একটি গ্রামের কাছে কয়েকজন ‘বন্দুকধারী’ বাস আটকায়। সেখান থেকেই অপহরণ করা হয় তাদের।

কাবুলে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারাও অপহরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ইঞ্জিনিয়ারদের মুক্ত করার সব রকম চেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।

এখনও কোনো সংগঠন অপহরণের দায় স্বীকার করেনি। মুক্তিপণ চেয়ে কোনো যোগাযোগও করেনি অপহরণকারীরা। তবে আফগান পুলিশ জানায়, ঘটনার পিছনে রয়েছে তালিবান মদতপুষ্ট কোনো সংগঠন।

উল্লেখ্য, আফগানিস্তানের অবকাঠামো প্রকল্পে প্রায় দেড়শ জন ভারতীয় ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তিবিদ দেশটির বিভিন্ন প্রান্তে কর্মরত আছেন।  

এমবি