সিরিয়ার আফরিনে কুর্দি বিদ্রোহীদের বেশে মার্কিন সেনারা যুদ্ধ করছে বলে অভিযোগ তুলেছে তুরস্ক। তুর্কি সেনাদের হত্যা করতে কুর্দিরা যে রকেট লঞ্চার ব্যবহার করেছে, এটি তাদের কারা সরবরাহ করল তা খুঁজে বের করার কথা জানিয়েছে দেশটি।

এদিকে, সিরিয়ায় অভিযানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সাবেক যোদ্ধাদের নামিয়েছে তুরস্ক। আইএসের একটি সূত্র থেকে বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট।

এ সংকট নিরসনে রাশিয়া, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) হস্তক্ষেপ কামনা করেছে সিরিয়া সরকার। 

২০ জানুয়ারি থেকে ‘অলিভ ব্র্যাঞ্চ’ নামে অভিযান শুরু করে তুরস্ক। জবাবে কুর্দিরা পাল্টা আক্রমণ করলে প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান তাদের আরও কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন।

তিনি জানান, যতই প্রতিরোধ আসুক, তুরস্ক আফরিন অভিযান চালিয়ে যেতে চায়। এ পর্যন্ত ৯০০ কুর্দি বিদ্রোহী নিহত হয়েছে বলেও তিনি জানান।

এরই মধ্যে আফরিন কর্তৃপক্ষ তুরস্কের অভিযানকে আগ্রাসন আখ্যা দিয়ে তাদের বিক্ষোভ অব্যাহত রেখেছে।

এমআর