পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)’র কাশ্মীর প্রধান মেহবুবা মুফতি ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র সঙ্গে জোট গঠনের আভাস দিয়েছেন।

বুধবার তিনি এ আভাস দিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যিনি উন্নয়ন নিয়ে কথা বলছেন তার জন্যে ২০১৪ সালের নির্বাচনী ইশতেহার একইসঙ্গে চ্যালেঞ্জ এবং সুযোগও বটে।

জম্মু ও কাশ্মীরের গভর্ণর এন এন ভোহরার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, আমরা চাই উন্নয়ন ও শান্তির এ ধারা অব্যাহত থাকুক। জাতীয় নেতৃত্ব বিশেষ করে মোদির জন্যে জম্মু ও কাশ্মীরের জনগণের কাছে পৌঁছানোর এখনই সময়।

রাজভবনে গভর্নর এনএন ভোহরার সঙ্গে ঘন্টাব্যাপী বৈঠক শেষে মেহবুবা একে অনানুষ্ঠানিক বলে উল্লেখ করেন।

কংগ্রেস ও এনসি’র যথাক্রমে ১২ ও ১৫ আসনের কথা উল্লেখ করে তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের জনগণ সুস্পষ্ট রায় দিয়েছে, কিন্তু তা বিভক্ত। তিনি আরো বলেন, বিষয় কেবল সরকার গঠন নিয়েই নয় বরং জনগণের দেয়া রায়কে শ্রদ্ধাও জানানো।

তিনি বলেন, কাশ্মীর অঞ্চলে শান্তি পুনরুদ্ধার ও স্বাভাবিকতা প্রতিষ্ঠার জন্যে আমরা অটল বিহারী বাজপেয়ির নীতি পুনরায় চালু করতে আগ্রহী। এছাড়া শান্তি প্রক্রিয়া পুনরায় চালুর পাশাপাশি জনগণের কাছে দেয়া আমাদের অঙ্গীকারও পূরণ করতে চাই।

এমএ