মাউন্ট এভারেস্টের পাদদেশে অবস্থিত লুকলা নেপালের উত্তর-পূর্বাঞ্চলীয় সোলুখুম্বু জেলার অংশ। সরকারি সূত্র বলছে, টানা বৃষ্টি, মেঘলা আকাশ এবং থেমে থেমে তুষারপাতের কারণে এলাকায় দৃশ্যমানতা খুব কম। ফলে লুকলা বিমানবন্দরে বিমান ওঠানামা করা অসম্ভব হয়ে পড়েছে। এতে বিগত তিন দিনে একাধিক ফ্লাইট বাতিল হয়েছে।

সোলুখুম্বুর সহকারী জেলা প্রশাসক সুরেন্দ্র থাপা জানান, বৃহস্পতিবার থেকে লুকলা বিমানবন্দর বন্ধ থাকায় এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক শেষ করে ফেরত আসা শত শত ট্রেকার কাঠমান্ডুতে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। পর্যটনের মৌসুম হওয়ায় প্রচুর বিদেশি পর্যটক সেখানে অবস্থান করছিলেন।

তিনি বলেন, “সাধারণত প্রতিদিন লুকলা রুটে বহু ফ্লাইট পরিচালিত হয়। কিন্তু বর্তমানে সবগুলোই বাতিল। ফলে লুকলা এবং আশপাশের হোটেলগুলো পর্যটকে পূর্ণ হয়ে গেছে। অনেকেই থাকার জায়গা পেতে সমস্যায় পড়ছেন।”

তারা এয়ারলাইন্সের লুকলা স্টেশন ইনচার্জ অমৃত মাগারের বরাতে জানা যায়, শুধুমাত্র তাদের সংস্থার বুকিংয়ে থাকা প্রায় দেড় হাজার যাত্রী এখন লুকলায় অবস্থান করছেন এবং কেউই কাঠমান্ডু ফেরার সুযোগ পাচ্ছেন না।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শিগগিরই পরিস্থিতি উন্নতির সম্ভাবনা নেই। বরং আগামী দুইদিন কোশি অঞ্চলসহ কিছু পার্বত্য এলাকায় আরও বৃষ্টি ও তুষারপাত হওয়ার আশঙ্কা রয়েছে।

এনএইচ