ফিলিস্তিনের সঙ্গে গত বছর শান্তি আলোচনার সময় মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরির ওপর গোয়েন্দাগিরি করেছিল ইসরাইল।
জার্মানীর সাপ্তাহিক পত্রিকা ডার স্পিজেলের খবরে রোববার বলা হয়, গত বছর আলোচনায় মধ্যস্থতার চেষ্টাকালে কেরির কথোপকথনের ওপর ইসরাইল ও কমপক্ষে অপর আরেকটি গোয়েন্দা সংস্থা আড়ি পেতেছিল। এটা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে আরেকটি চাপ সৃষ্টি হতে পারে বলে খবরে উল্লেখ করা হয়।
গত বছর শান্তি আলোচনার সময় কেরি মধ্যপ্রাচ্যের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিতভাবে টেলিফোনে কথা বলতেন।
বিভিন্ন গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, তিনি কেবল সুরক্ষিত টেলিফোন লাইন ব্যবহার করতেন না। তিনি স্যাটেলাইট সংযুক্ত স্বাভাবিক টেলিফোনও ব্যবহার করতেন যেখানে খুব সহজেই আড়ি পাতা যায়।
স্পিজেল জানায়, জেরুজালেম সরকার এই তথ্য মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সমাধানের ক্ষেত্রে আলোচনার সময় ব্যবহার করতো। তবে কেরির অফিস ও ইসরাইল সরকার এ খবর সম্পর্কে মন্তব্য করতে রাজি হয়নি।
ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





