যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি সুপারমার্কেটে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (২২ মার্চ) বিকালে কলোরাডো অঙ্গরাজ্যের বৌলডার শহরের ওই মার্কেটটিতে এই হামলা চালানো হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতারে সমর্থ হয়েছে পুলিশ। এছাড়া ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এআর-১৫ স্টাইলের রাইফেল ব্যবহার করে কিং সোপার্স সুপারমার্কেট নামের ওই মার্কেটটিতে হামলা চালানো হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আকস্মিকভাবে মার্কেটে ঢুকেই রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে সন্দেহভাজন হামলাকারী।

গ্রেফতারের সময় খালি গায়ে থাকা সন্দেহভাজন হামলাকারীর হাতে-পায়ে রক্তের দাগ ছিল।

বৌলডার শহরের পুলিশ কমান্ডার কেরি ইয়ামাগুচি এক সংবাদ সম্মেলনে বলেন, সন্দেহভাজনকে চিকিত্সা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জনসাধারণের জন্য আরও কোনও ভয় বা হুমকির কারণ নেই।

এমবি