পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দ্বিপক্ষীয় সমস্যাবলী সমাধানের জন্য আবারও ভারতকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৩০ নভেম্বর) রাতে ইসলামাবাদে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান এই আহ্বান জানান। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার মতবিরোধ নিরসন করে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হচ্ছে নিঃশর্ত আলোচনা। ইসলামাবাদের আলোচনার প্রস্তাবে নয়াদিল্লির পক্ষ থেকে ইতিবাচক সাড়া দেয়ার সময় এসেছে বলেও তিনি মন্তব্য করেন।

ইমরান খান বলেন, দু’দেশের সম্পর্কের উন্নতির জন্য ভারত এক পা অগ্রসর হলে পাকিস্তান দুই পা অগ্রসর হবে। ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে পাকিস্তানের নীতি নির্ধারকদের মধ্যে পূর্ণ সমঝোতা ও সমন্বয় রয়েছে বলেও দাবি করেন তিনি।

পরমাণু অস্ত্রধর দুই দেশ ভারত ও পাকিস্তান পরস্পরের মোকাবিলা করতে পারে না বলে উল্লেখ করেন ইমরান খান।

কাশ্মিরকে ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে মতবিরোধের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করে পাক প্রধানমন্ত্রী বলেন, দু’দেশের জনগণের পাশাপাশি আঞ্চলিক দেশগুলোর সকল মানুষের স্বার্থে কাশ্মির সংকটের সমাধান করা প্রয়োজন।

অন্য দেশে হামলা চালানোর কাজে পাকিস্তানের ভূমি ব্যবহৃত হয় বলে যে অভিযোগ রয়েছে তা নাকচ করে দেন পাক প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে সন্ত্রাসবাদের সমর্থক বলে যে অভিযোগ করা হয় তা থেকে নয়াদিল্লি সরে আসেনি অথচ পাকিস্তানে এখন কোনো সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা নেই।

এমবি