[b]ইসলামাবাদ:[/b] পাকিস্তান সরকার ও তালেবান বিদ্রোহীদের মধ্যে নির্ধারিত প্রাথমিক শান্তি আলোচনা স্থগিত করা করেছে।
রাষ্টায়ত্ত পাকিস্তান টেলিভিশন (পিটিভি)’র খবরে বলা হয়, চার সদস্যবিশিষ্ট সরকার মনোনীত আলোচক কমিটির আহ্বায়ক ইফরান সিদ্দিকী তালেবান মনোনীত কমিটির সদস্য মাওলানা সামিউল হককে বৈঠক মুলতবি করার সিদ্ধান্ত অবহিত করে বলেছেন, এ ব্যাপারে পরে বিস্তারিত একটি বিবৃতি দেয়া হবে।
মূল আলোচনার জন্য একটি ‘রোড ম্যাপ’ প্রণয়নের লক্ষ্যে সরকার ও তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)’র দুটি টিমের মধ্যে মঙ্গলবার বেলা ২টায় রাজধানী ইসলামাবাদে এ বৈঠক শুরু হওয়ার কথা ছিল।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গত সপ্তাহে আকস্মিকভাবে ২০০৭ সাল থেকে সহিংস বিদ্রোহরত তালেবানদের সঙ্গে সংলাপ শুরু করার জন্য একদল আলোচকের নাম ঘোষণা করেন।
চলতি বছর জানুয়ারি মাসের শুরু থেকে বেশ কয়েকটি রক্তক্ষয়ী হামলায় ১১০ জনের বেশি লোকের প্রাণহানি ঘটেছে, যাদের বেশির ভাগই সামরিক কর্মকর্তা। সে কারণে অনেক পর্যবেক্ষক তালেবানের শক্তিশালী ঘাঁটি উপজাতীয় এলাকায় সামরিক অভিযান চালানো হতে পারে বলে ধারণা করছিলেন।
সমালোচকরা তালেবানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে ইতস্তত করার জন্য নওয়াজ সরকারের সমালোচনা করছে। এমন সময় তালেবানের সঙ্গে শান্তি আলোচনা খুব একটা ফলপ্রসূ হবে না বলে মনে করছিল গণমাধ্যম।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, শান্তি প্রক্রিয়া হবে দীর্ঘ ও কঠিন। কেননা, কোনো পক্ষেই সিদ্ধান্ত গ্রহণ করার কর্তৃত্বসম্পন্ন কাউকে কমিটিতে রাখা হয়নি। সূত্র: এএফপি
ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ