যুক্তরাষ্ট্রে যৌনকার্যে ব্যবহৃত হচ্ছিল এমন ১৬৮ শিশুকে উদ্ধার করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) সম্প্রতি নিউইয়র্কে অনুসন্ধান চালিয়ে এসব শিশুকে উদ্ধার করে। সেইসঙ্গে আটক করা হয়েছে এর সঙ্গে জড়িত ২৮১ দালালকে।

এ নিয়ে দেশটিতে যৌনকাজে ব্যবহৃত হওয়া ৩ হাজার ৬০০ শিশুকে উদ্ধার করা হলো।

এফবিআই-এর পরিচালক জেমস কোমে বলেন, "এটি একই উদ্দেশ্যে আমাদের প্রথম অভিযান নয়। এবং শেষ অভিযানও নয়। আমাদের শিশুরা বিক্রির জন্যে নয়।"  সপ্তাহব্যাপী অভিযানে এসব শিশুকে উদ্ধার করা হয়।

জেসম কোমে এ সাফল্যের ভাগ দিতে চাইলেন আইন প্রয়োগকারী সংস্থাগুলোকেও। তার ভাষ্য মতে, ১০০ শহরের প্রায় ৪০০ আইন প্রয়োগকারী সংস্থা এ উদ্ধারাভিযানে দারুণ সহায়তা করেছে। তাদের সহায়তা ছাড়া অত্যাধুনিক এ চক্রকে আটক করতে বেগ পেতে হতো।

জানা যায়, এ চক্রটি দূর দেশে শিশুদের যৌনকার্যের জন্যে পাচার করে থাকে। ইতোমধ্যে ‘কিছু সংখ্যক’শিশুকে তারা অনলাইনে বিক্রয় করে দিয়েছে। ব্যবহৃত এ শিশুদের সকলেই যুক্তরাষ্ট্রের শিশু। সংঘবদ্ধ এ চক্রকে ধরার জন্যে যুক্তরাষ্ট্রের এটি অষ্টম অভিযান।

বিগত ১১ বছরে এ সংক্রান্ত মামলা হয়েছে ১৪৫০টি। ‘জাস্টিজ ক্রিমিনাল ডিভিশনের’সহকারী অ্যাটর্নি জেনারেল লেসিলি কল্ডওয়েল ব্যাপারটিকে জীবন্ত দুঃস্বপ্ন বলে আখ্যায়িত করেন।

উল্লেখ্য, উদ্ধারকৃত শিশুরা ইতোপূর্বে বিভিন্ন শিশুকল্যাণ সংস্থার সঙ্গে ‍যুক্ত ছিল। কিন্তু তারা হারিয়ে যাওয়ার পর কোন অভিযোগ জানানো হয়নি। এ বিষয়টিকে খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকৃত শিশুদের বর্তমানে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্যে হাসপাতালস্থ করা হয়েছে।

ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ