বর্ধমান বিস্ফোরণ নিয়ে বেশ কয়েকটি মিডিয়ার বাড়াবাড়ি করছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দক্ষিণ কলকাতায় কালীপূজার উদ্বোধন অনুষ্ঠানে মঙ্গলবার তিনি এ অভিযোগ করেন।

মমতা বলেন, "কোনো সম্প্রদায়ের একজন বা দু'জন লোক ভুল করতে পারে, তাই বলে গোটা সম্প্রদায়ের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।"

মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের সমালোচনা করে বলেন, "কিছু কিছু সংবাদপত্র ও চ্যানেল আমাদের সাফল্যকে মেনে নিতে পারছে না৷ তারা কুৎসা প্রচার করে ব্যবসা চালানোর চেষ্টা করছে৷ যেহেতু আমি গরিব ঘরের মেয়ে; তাই যারা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, তারা আমাদের সহ্য করতে পারছে না৷ কিন্তু আমি সংগ্রামে বিশ্বাসী, এটাই আমার অহংকার৷"

প্রসঙ্গত, গত ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে বিস্ফোরক তৈরির সময় বিস্ফোরণ ঘটে। বেশ কয়েকটি সংস্থা ঘটনাটির তদন্ত করছে।

বিস্ফোরণস্থল থেকে ৫০ কিলোমিটার দূরে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি অবস্থিত।

ইআর