চীন এবং পাকিস্তান একযোগে হামলা করলে তা মোকাবেলা করতে পারবে না বলে অকপটে স্বীকার করেছে ভারতীয় বিমান বাহিনী বা আইএএফ। পর্যাপ্ত সংখ্যক বিমানের অভাবে এটি সম্ভব হবে না বলে জানানো হয়েছে।

আইএএফ’এর ৪২টি স্কোয়াড্রন বরাদ্দ থাকলেও বর্তমানে রয়েছে মাত্র ৩৩টি স্কোয়াড্রন। বিরাজমান ৩৩ স্কোয়াড্রনে ব্যাপক সংখ্যক রাশিয়ার তৈরি এসইউ-৩০ বিমান রয়েছে। এ সব সেকেলে বিমানই ভারতের প্রধান যুদ্ধবিমান হয়ে উঠেছে।

এ ছাড়া, ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমানসহ সব বিমানেরই অধিকমাত্রায় মেরামতের বা সার্ভিসের প্রয়োজন হয়। ভারতীয় বিমান বাহিনীতে ১০০টি বিমান থাকলে তার মধ্যে কেবল মাত্র ৫৫টিকে যে কোনো সময় দায়িত্ব পালনের জন্য প্রস্তুত অবস্থায় পাওয়া যাবে। বহরের বাকি বিমান মেরামতসহ নানা সার্ভিস সব সময়ই চলছে।

আর এ পরিস্থিতিতে একযোগে দুই ফ্রন্ট মোকাবেলার ক্ষমতা ভারতীয় বিমান বাহিনীর নেই বলে জিনিউজে প্রকাশিত খবরে বলা হয়েছে। অবশ্য আইএএফ সূত্র থেকে বলা হয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে একযোগে দুই ফ্রন্ট থেকে ভারতের বিরুদ্ধে হামলার কোনো আশংকা নেই। তাই এ দুর্বলতা কাটিয়ে উঠতে পর্যাপ্ত সময় পাবে আইএএফ।

এসটি