অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সমর্থনে মিছিল করেছেন হাজার হাজার ফিলিস্তিনি। এর পাশাপাশি তারা গাজার ওপর ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভও করেন।
ইরানের প্রেস টিভি জানিয়েছে, গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনুস শহরে এ মিছিল হয় এবং অংশ নেয়া লোকজন নানা ধরনের পতাকা ও ব্যানার নিয়ে ইসরাইল-বিরোধী স্লোগান দেন।
মিছিলে অংশগ্রহণকারীরা বলেছেন, গাজার ওপর থেকে ইসরাইলের অবরোধ তুলে নিলেই কেবল তারা দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি মেনে নেবেন। তারা আরো বলেছেন, “প্রতিরোধ আন্দোলন যা দাবি করেছে তার বাইরে আমরা কোনোকিছু মেনে নেব না। আমরা এমন কোনো চুক্তি মানবো না যা গাজার জনসাধারণের স্বাধীনতা ও মর্যাদার সঙ্গে বসবাসের নিশ্চয়তা দিতে পারবে না।”
মিশরের রাজধানী কায়রোয় ইসরাইল ও হামাসের মধ্যে চলছে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির আলোচনা। তবে, ইসরাইলি সূত্রের খবর অনুযায়ী- আলোচনায় এখনো কোনো অগ্রগতি হয় নি। বুধবার চলছে যুদ্ধবিরতির তৃতীয় দিন।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





