ইরানের পার্লামেন্ট 'মজলিশে শুরা' ও দেশটির ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ খোমেনীর দরগায় জোড়া হামলা চালানোর দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আইএসের সংবাদ সংস্থা আমাক নিউজ ম্যাসেজিং অ্যাপ 'টেলিগ্রামের' মাধ্যমে দায় স্বীকার করে।
এর আগে বুধবার সকালে জোড়া হামলার ঘটনা ঘটে। এতে অন্তত আটজন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের ইংরেজি সংবাদ চ্যানেল প্রেস টিভি।
রেডিও তেহরান জানায়, রাজধানী তেহরানে মজলিশে শুরার চত্বরে ঢুকে অন্তত চার বন্দুকধারী নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায়।
পার্লামেন্ট সদস্য ইলিয়াস হযরতিকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, একটি পিস্তল ও দুটি একে-৪৭ রাইফেল নিয়ে তিন দুর্বৃত্ত পার্লামেন্টে হামলা চালায়। সেসময় পার্লামেন্টের এক নিরাপত্তারক্ষী নিহত হন। পরে এক হামলাকারীকে নিরাপত্তা বাহিনী ঘেরাও করে ফেলে।
এমএনজে





