আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট ও তার প্রতিনিধিদলের অংশগ্রহণ নিশ্চিত করতেই তাদের ভিসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

এএফপিকে দেওয়া এক বক্তব্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে ইরানি সরকারের মূল প্রতিনিধিদল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার সুযোগ পাবে।

তবে অন্যান্য দেশের প্রতিনিধিদের তুলনায় ইরানি প্রতিনিধিদলের ওপর বাড়তি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র জানান, সীমিতসংখ্যক ইরানি প্রতিনিধিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশটির ভেতরে তাদের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ এবং বিলাসবহুল পণ্য কেনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ এবং কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এদিকে অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও ভিসার আবেদন করেছিলেন। তবে তাকে ভিসা দেয়নি মার্কিন প্রশাসন। জাতিসংঘের সাধারণ পরিষদ জানিয়েছে, আব্বাস তার বক্তব্যের ভিডিও পাঠালে তা অধিবেশনে প্রচার করা হবে।

সূত্র: এএফপি

এস