যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কের জামাইকা হাই স্কুল মাঠে। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ ও দেশীয় আমেজে গত শুক্রবার এ ঈদ জামাতে প্রায় ১৫ হাজার প্রবাসী বাংলাদেশির সমাগম ঘটে। সেই সঙ্গে অন্যদেশের মুসলিমরাও এখানে ঈদের জামাত আদায় করেন।

জামাইকা মুসলিম সেন্টারের আয়োজনে সকাল সোয়া ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এ জামাতে ইমামতি করেন জামাইকা মুসলিম সেন্টারের খতিব আলহাজ মাওলানা মির্জা আবু জাফর বেগ। এছাড়া খুৎবা পড়েন ইমাম শামসে আলী। ঈদের জামাত শেষে বিশ্বের সব মুসলমানদের জন্য বিশেষ মুনাজাত করা হয়।

নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান এই ঈদের জামাতেই নামাজ আদায় করেন। এর আগে জামাইকা মুসলিম সেন্টারের কর্মকর্তা ডা. ওয়াহিদুর রহমান, আখতার হোসেন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বিম্যান ডেভিড ওয়েপ্রিন, সাবেক কম্প্রট্রোলার জন ল্যু, সিটি কাউন্সিলম্যান ররি ল্যান্সম্যান প্রমুখ উপস্থিত মুসল্লিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন।

এছাড়াও জামাইকার আল আরাফা মসজিদ কমিটির উদ্যোগে প্রথমবারের মতো খোলা আকাশের নীচে স্থানীয় সুসান বি এন্থনি স্কুলের খেলার মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। এ জামাতেও কয়েক হাজার নারী–পুরুষ ঈদের নামাজ আদায় করেন।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অধুষ্যিত ৩০টির বেশি অঙ্গরাজ্যে একাধিক ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। এসব অঙ্গরাজ্যে মসজিদ, কমিউনিটি সেন্টার ও খোলা মাঠে ঈদের নামাজ আদায় করা হয়।

নিউইয়র্কে অনুষ্ঠিত অন্যান্য ঈদের জামাতগুলো হচ্ছে গাউছিয়া মসজিদ, ব্রংকসের পার্কচেস্টার জামে মসজিদ, বাংলাবাজার জামে মসজিদ, নর্থ ব্রংকস জামে মসজিদ, ইস্ট এলমহার্স্ট জামে মসজিদ অ্যান্ড মুসলিম সেন্টার, কুইন্সের জ্যামাইকার হাজী ক্যাম্প মসজিদ, দারুস সালাম মসজিদ, হিলসাইড ইসলামিক সেন্টার, ফুলতলী ইসলামিক সেন্টার এন্ড মসজিদ, জ্যাকসন হাইটসের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার, মসজিদ আবু হুরায়রা, মোহাম্মদী সেন্টার, ওজনপার্কের আল আমান জামে মসজিদ, দারুস সুন্নাহ মসজিদ, আল ফোরকান মসজিদ, সিটির ব্রুকলিনের বাংলাদেশ মসুলিম সেন্টার, বায়তুল জান্নাত জামে মসজিদ, ম্যানহাটানের মদিনা মসজিদ, আসসাফা মসজিদ, আমেরিকান মুসলিম সেন্টার, এস্টোরিয়ার আল আমীন মসজিদ ও জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় রাস্তার উপর কয়েক দফায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ইআর