মার্কিন সেনাবাহিনীতে গত বছরের চেয়ে আট শতাংশ ধর্ষণ ও যৌন নিপীড়ন বেড়েছে বলে পেন্টাগনের নতুন একটি সমীক্ষায় উঠে এসেছে।
বৃহস্পতিবার ওবামা প্রশাসনের কর্মকর্তারাও এ তথ্য নিশ্চিত করেছেন।
সমীক্ষায় দেখা যায়, ২০১৪ সালের নভেম্বর পর্যন্ত ৫,৪০০ যৌন নিপীড়নের অভিযোগ দায়ের করা হয়। গত বছর এ সংখ্যা ছিল ৫,০০০-এর মতো।
অভিযোগ ছাড়া যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে ১৯,০০০-এর মতো। এর মধ্যে ১০,৫০০ পুরুষ ও ৮,৫০০ নারী রয়েছেন।
৬২ শতাংশ নারী সেনাকর্মী যৌন নিপীড়নের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, তাদের ওপর দিয়ে বয়ে যাওয়া বীভৎসতা এখনো তাড়া করে বেড়ায়।
মার্কিন কর্মকর্তারা বলছেন, আগে যৌন নিপীড়নের বিষয়টি প্রকাশ করতে না চাইলেও এখন নির্দ্বিধায় অভিযোগ করছেন ভুক্তভোগীরা।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বলেন, 'কেউ যৌন নিপীড়নের শিকার হলে তাকে তিরস্কার না করে আলিঙ্গন করা উচিত।'
উল্লেখ্য, ২০১২ সালে পেন্টাগন পরিচালিত সমীক্ষায় ২৬,০০০ পুরুষ ও নারী যৌন নিপীড়নের শিকার হয়েছিল। ওই বছর এ ব্যাপারে মামলা হয়েছিল ৩,৩৭৫টি। সূত্র: বিবিসি, প্রেস টিভি।
কেএইচ





