একদিনের ব্যবধানে করোনাভাইরাসে চীনে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে ১৭০ জনের মৃত্যু হলো।

আজ (৩০ জানুয়ারি) বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভাইরাসটিতে একদিনে নতুন করে আরো দেড় হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যার মধ্যে শনাক্তস্থল হুবেই প্রদেশেই এক হাজারের বেশি। ফলে এ ভাইরাসে চীনেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার সাতশ ১১ জনে।

গতকাল (বুধবার) ১৩২ জনের মৃত্যুর খবরের পর বৃহস্পতিবার তা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। যার মধ্যে হুবেই প্রদেশেই ৩৭ জনের মৃত্যু হয়েছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, মঙ্গলবারের চেয়ে বুধবার এ রোগে আক্রান্তের হার ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া চীনের বাইরে সারাবিশ্বে আরও ৯১ জনের দেহে এ ভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি স্বাস্থ্যসেবা কর্মসূচির প্রধান ড. মাইক রায়ান বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে পুরো বিশ্বকে সতর্ক হতে হবে।

তিনি করোনাভাইরাসের মারাত্মক প্রকোপের বিষয়ে চীনের পদক্ষেপের প্রশংসা করে বলেন, “চ্যালেঞ্জ বড় হলেও প্রতিক্রিয়া ব্যাপক হয়েছে।”

ভাইরাসটি বিশ্বব্যাপী ‘জরুরি অবস্থায়’ রয়েছে কিনা তা নিয়ে চীনের বিশেষজ্ঞদের সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ড. রায়ান বলেন, এই রোগ কীভাবে সংক্রমিত হয় সে সম্পর্কে আরও জানতে একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল চীন পাঠানো হচ্ছে।

তিনি বলেন, “আমরা এ ঘটনায় একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসেছি। আমরা বিশ্বাস করি যে এই ভাইরাসের সংক্রমণ এখনও দানা বাঁধতে পারে।”

গত ৩১ ডিসেম্বর উহানে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যাওয়ার পর চীনের সীমানা পেরিয়ে এই ভাইরাস রাজধানী বেইজিং, সাংহাই, ম্যাকাও ও হংকংয়ের বাইরে বিশ্বের ১৯টি দেশে ছড়িয়েছে।

এ পর্যন্ত চীন, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, হংকং, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং তাইওয়ানে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ইসরায়েলেও এক রোগীর শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে।

এমবি