থাইল্যান্ডের সুরাত থানি প্রদেশের একটি বন্দীশালায় আটক মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। পবিত্র শবে বরাত পালন করতে না পারায় মং জেলার খুন থালে এলাকার ওই বন্দীশালায় ৯৪ নারী ও শিশু এ বিক্ষোভ প্রদর্শন করেন।
ব্যাংকক পোস্টের খবরে এ তথ্য জানা গেছে।
মং জেলা কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, সোমবার রাতে বিক্ষুব্ধ নারী-শিশুরা ডরমিটরির দরজা ও জানালা ভেঙ্গে বেরুনোর চেষ্টা করে। এ সময় তারা বৈদ্যুতিক লাইন কেটে দেয় বলেও জানানো হয়েছে।
সুরাত থানির পুলিশ জানিয়েছে, লায়লাতুল বরাত বা শবে বরাত উপলক্ষ্যে খাদ্য বরাদ্দ দিতে অস্বীকৃতি জানানো কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে মিয়ানমারের শরণার্থীরা।
এ ঘটনার পর শিবিরটিতে ৫০ পুলিশ কর্মকর্তাকে পাঠান সুরাত থানির ডেপুটি গভর্নর ওচায়ুৎ জিন্তো ও প্রাদেশিক পুলিশ প্রধান মেজর জেনারেল এপিচার্ত বুনসিরোজ।
প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় পুলিশ। এ ঘটনার পর পাঁচ রোহিঙ্গা মুসলিমকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।
দাঙ্গা পুলিশ ও প্রাদেশিক কর্মকর্তাদের ৮০ জনেরও বেশি একটি দল শিবিরটিতে তল্লাশি চালিয়েছে। ঘটনাস্থল থেকে ছোট পাথরে ভরা কয়েকটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়েছে।
শিবিরটিতে মোট ৯৪ নারী-শিশু রয়েছে। এর মধ্যে ৩৫ জন সম্প্রতি মানবপাচারের শিকার। বাকিরা অবৈধ অভিবাসী। এরা এর আগেও পালানো চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
মিয়ানমারে নাগরিকত্ব না পাওয়া রোহিঙ্গা মুসলিমদের শরণার্থী হিসেবে আশ্রয় দেয় না থাইল্যান্ড সরকার। তারা রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী হিসেবে আটক দেখিয়ে থাকে।
এমকে





