সিরীয় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ‘খান শেইখহোন’ শহরে সরকারি বাহিনী বিমান হামলা চালিয়ে ১১ জন শিশুসহ অন্তত ৫৮ জনকে হত্যা করেছে বলে একটি পর্যবেক্ষণকারী গ্রুপ জানিয়েছে। এ হামলায় ‘বিষাক্ত গ্যাস’ ব্যবহার করা হয় বলে গ্রুপটি জানায়।

ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মঙ্গলবার এ তথ্য জানায়।

চিকিৎসা সূত্রকে উদ্ধৃত করে গ্রুপটি জানায়, মঙ্গলবারের হামলায় সৃষ্ট ধোঁয়ায় অনেক মানুষ শ্বাসরোধ বা জ্ঞান হারিয়ে ফেলে এবং তাদের অনেকের মুখ থেকে অনবরত ফেনা আসছিল।

এ হামলাকে ‘রাসায়নিক হামলা’ হিসেবে বর্ণনা করেন গ্রুপটি।

তবে, দামেস্ক এই ধরনের অস্ত্র ব্যবহারের কথা বারবার অস্বীকার করে আসছে।

তবে কি ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছে গ্রুপটি তা নিশ্চিত করতে পারেনি। পর্যবেক্ষণ গ্রুপটি ভূমি থেকে যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে যুদ্ধাবস্থা নিরীক্ষণ করে থাকে।

পর্যবেক্ষণ গ্রুপটি জানায়, মঙ্গলবার সকালে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের ‘খান শেইখহোনে’ সিরিয়ার সরকার বা রাশিয়ান জেট বিমান হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

তবে, সিরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রবিবার সন্দেহভাজন রাশিয়ান যুদ্ধবিমান ইদলিব প্রদেশের উত্তরাঞ্চলীয় শহরের একটি হাসপাতালে বোমাবর্ষণ চালায়। এতে অনেকে আহত হন বলে উদ্ধারকারী একটি সংগঠন জানায়।

সিরিয়ার সিভিল ডিফেন্সের একজন কর্মকর্তা জানান, মিরেট আল-নুমানের প্রধান হাসপাতালের লক্ষ্যবস্তুতে পরপর তিনটি হামলা চালালে অন্তত দশ জন লোক আহত হয়। এতে ওই ভবনটি ধ্বংস হয়ে যায়।

সিরিয়ার সিভিল ডিফেন্স গ্রুপটি ‘হোয়াইট হেলমেট’ নামেও পরিচিত। তারা বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় উদ্ধার কাজ করে থাকে।

সূত্র: আল জাজিরা

এমই