সান ফ্রান্সিসকোতে রাশিয়ার কনস্যুলেট গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। পাশাপাশি ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্কের রুশ চ্যান্সেরির দুটি অ্যানেক্স ভবন গুটিয়ে নিতেও দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

এসব গুটিয়ে নেওয়ার কাজ আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।

একে মস্কোয় যুক্তরাষ্ট্রের দূতাবাসে কর্মী সংখ্যা অর্ধেকের বেশি কমিয়ে আনতে ভ্লাদিমির পুতিন সরকারের নির্দেশের পাল্টা পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

গত মাসে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা পাস হওয়ার পর রাশিয়া তার প্রতিক্রিয়ায় মস্কোয় যুক্তরাষ্ট্রের দূতাবাসে কর্মী সংখ্যা ৪৫৫ জনে কমিয়ে আনার নির্দেশ দিয়েছিল।

বারাক ওবামার সময়কালে ক্রিমিয়া নিয়ে মস্কো-ওয়াশিংটন বিপরীত অবস্থান নেওয়ার পর যুক্তরাষ্ট্রের গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর থেকে শক্তিধর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন চলছে।

এর মধ্যেই কূটনীতিকের সংখ্যা কমিয়ে ফেলতে মস্কোর নির্দেশ যে বেশ ক্ষুব্ধ করেছিল ওয়াশিংটনের পদেক্ষপেই তার প্রকাশ ঘটেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নিউয়ার্ট এক বিবৃতিতে বলেন, “আমরা মনে করি, (মস্কোর) এই পদক্ষেপ অপ্রত্যাশিত এবং দুই দেশের সামগ্রিক সম্পর্কের জন্য ক্ষতিকর।

যুক্তরাষ্ট্রে মোট পাঁচটি মিশন রয়েছে রাশিয়ার। এর মধ্যে তিনটির বিষয়ে ওয়াশিংটনের পদক্ষেপে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ নিন্দা জানিয়েছেন।

এএইচ