সার্কের সবচেয়ে বড় ও ক্ষমতাধর দেশ ভারতের পক্ষ থেকে এবার নেপাল সেনাবাহিনীকে হেলিকপ্টার উপহার দেয়া হচ্ছে। নেপালের পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
আজ বেলা সাড়ে তিনটার দিকে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে নেপালের রাজধানী কাঠমন্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন নরেন্দ্র মোদী।
সেখানে তাকে স্বাগত জানান, নেপালের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাম দেভ গৌতম।
মোদীর নেপাল আগমনের পর পরই পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে এক লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে নেপালের মোদীর মঙ্গলবারের কর্মসূচি সম্পর্কে জানানো হয়।
এতে বলা হয়, নেপাল ও ভারতের প্রধানমন্ত্রী যৌথভাবে কাঠমন্ডুতে পক্ষাঘাতগ্রস্ত রোগীদের চিকিৎসার জন্য নির্মিত একটি সেন্টারের উদ্বোধন করবেন।
পরে নেপালের সেনাবাহিনীকে মোদী একটি হেলিকপ্টার উপহার দিবেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়। এছাড়া নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করবেন এবং দুই প্রধানমন্ত্রী কাঠমন্ডু-নয়াদিল্লী বাস সার্ভিসের উদ্বোধন ঘোষণা করবেন।
কেবি





