প্রাণঘাতী নতুন ‘করোনাভাইরাস’ মোকাবিলায় চীনের তৎপরতার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে ‘করোনাভাইরাস’ ইস্যুতে কথা বলেন ট্রাম্প।

চীনা সংবাদমাধ্যম জানায়, ফোনালাপে ডোনাল্ড ট্রাম্প ‘করোনাভাইরাস’ প্রতিরোধে চীনের প্রচেষ্টার প্রশংসা করেছেন। একইসঙ্গে দ্রুত এই ভাইরাসের বিস্তার রোধে চীন সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প।

এ সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং করোনাভাইরাস মোকাবিলায় নিজের দেশের বিভিন্ন উদ্যোগের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেন।

শি জিনপিং বলেন, করোনাভাইরাসের বিস্তার মোকাবিলায় আমাদের পূর্ণ আত্মবিশ্বাস ও সামর্থ্য আছে।

এদিকে, দ্রুতগতিতে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নতুন ‘করোনাভাইরাসে’ চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৭ জনে। এছাড়া এই ভাইরাসে সংক্রমিত হয়েছে ৩১ হাজার ২১১ জন।

চীনের বাইরে ২২০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ পর্যন্ত চীনের বাইরে ফিলিপাইনে একজনের মৃত্যু হয়েছে।

‘করোনভাইরাস’ নিয়ে যখন বিশ্বব্যাপী প্রচণ্ড আতঙ্ক সৃষ্টি হয়েছে তখন এই ভাইরাসে সংক্রমিত হওয়া রোগীদের অনেকে সুস্থ হয়েও উঠছেন।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এ পর্যন্ত ১ হাজার ৫৪০ ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন।

‘করোনভাইরাস’ নিয়ে চীন সরকার এরইমধ্যে ৩১টি প্রদেশে এক নম্বর জরুরি সতর্কতা জারি করেছে।

এমবি