ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকার অবকাঠামোর উন্নয়নের সঙ্গে ১০ হাজার ফ্ল্যাট ও শান্তিনগর থেকে ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকা পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ করবে মালয়েশিয়া।
সচিবালয়ে বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও মালয়েশিয়ার বিএনজি গ্লোবাল হোল্ডিংয়ের মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। রাজউকের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন এবং বিএনজি গ্লোবাল হোল্ডিংয়ের প্রফেসর ড. এস সাবরিনা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমঝোতা স্মারকের আওতায় মালয়েশিয়ার বিএনজি গ্লোবাল হোল্ডিং ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকার পানীয় জলের সরবরাহ, পয়ঃনিষ্কাশন এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কাজ করবে। একই সঙ্গে তারা এ প্রকল্প এলাকায় ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ করবে। নির্মাণ পরিচালনা মালিকানা এবং হস্তান্তর (বিওওটি) পদ্ধতিতে এ সব কাজ সম্পাদন করা হবে।
এ ছাড়াও সমঝোতা স্মারকের আওতায় শান্তিনগর থেকে ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকা পর্যন্ত প্রায় সাড়ে ১৩ কিলোমিটার ফ্লাইওভার নির্মাণ এবং কামরাঙ্গীরচর এলাকার পরিকল্পিত উন্নয়নেও বিএনজি হোল্ডিং কাজ করবে।
সমঝোতা স্মরক স্বাক্ষর অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ‘আশা করি, বিএনজি হোল্ডিং অতিদ্রুত কাজ শুরু করবে এবং এর মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় যারা প্লটের বরাদ্দ পেয়েছেন তারা এবং এলাকাবাসী উপকৃত হবেন। এ কাজের মাধ্যমে দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে।’
অনুষ্ঠানে সচিব মো. গোলাম রব্বানী, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঁইয়া, প্রধান স্থপতি আহসানুল হক খানসহ মন্ত্রণালয় ও রাজউকের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





