চিলির উত্তরাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ২ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ২৪ জন।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, দেশটির আটাকামা এলাকায় বন্যার ফলে জরুরী অবস্থা ঘোষণা করেছে সরকার। এর অর্থ হল বেসামরিক নেতাদের কাছ থেকে এ অঞ্চলের দায়িত্ব নেবে সেনাবাহিনী। বন্যার ফলে এখানে বিশ্বের বৃহত্তম তামা উৎপাদক কোদেলকো তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে।

উপ-স্বরাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলেই বলেন, বন্যায় ৩৪ বছর বয়স্ক এক লোক ও ৪৫ বছরের এক নারীর প্রাণহানি ঘটেছে।

দেশটিতে ব্যাপক বৃষ্টিপাতের ফলে বেশ কয়েকটি শহরে বন্যা দেখা দেয়ায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহবান জানানো হয়েছে।

আরিদ অঞ্চলে মঙ্গলবার সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টি শুরু হয়। এতে প্রায় ৭শ’ লোক গৃহহীন হয়ে পড়েছে। রাস্তা-ঘাট, যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেত ত্রাণ কার্যক্রম তদারক করতে বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শন করেছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রায় ৪০ হাজার লোক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে এবং আরো অনেকে পানির সংকটে পড়েছে।

আটাকামা অঞ্চলের রাজধানী কোপিয়াপোর প্রধান প্রধান সড়ক ও বেশ কয়েকটি শহর বন্যায় প্লাবিত হয়েছে। প্রত্যন্ত এলাকাগুলোতে শতশত লোক বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বন্যার কারণে কালামা ও আন্তোফাগাসটা বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিলম্ব হয়েছে। কর্তৃপক্ষ বেশ কয়েকটি পৌরসভায় স্বাস্থ্য সতর্কতা জারি করেছে।

এমএ