ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের সামরিক হামলার হুমকির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান।
চলমান সংকট শান্তিপূর্ণ উপায়ে সমাধান করার জন্য দু’পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।
বৃহস্পতিবার (১৬ মে) পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ড. মুহাম্মাদ ফয়সাল সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, “আঞ্চলিক উত্তেজনা ও যুদ্ধ কারো স্বার্থই রক্ষা করবে না।”
তিনি আরও বলেন, ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা থেকে সামান্য ভুল বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে। ফলে দু’দেশেরই উচিত- সংলাপের মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা চালানো।

কাশ্মির প্রসঙ্গে পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তার ভাষায় বলেন, সেখানে ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাস অব্যাহতভাবে চলছে, এমনকি পবিত্র মাহে রমজানেও তা অব্যাহত আছে। ভারতীয় সেনাবাহিনীর তল্লাশির নামে সন্ত্রাসী তৎপরতার কারণে অধিকৃত কাশ্মিরের জনগণের জীবন নানা রকম দুঃখ-কষ্টের মধ্যদিয়ে অতিবাহিত হচ্ছে।
কাশ্মিরের জনগণের ওপর ভারতের নির্যাতন-নিপীড়ন বন্ধ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান পাক মুখপাত্র ড. মুহাম্মাদ ফয়সাল।
এমবি





