সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ লাতাকিয়াতে একটি রানওয়ে স্থাপন করছে রাশিয়া। এ ছাড়া দেশটিতে রাশিয়ার শত শত সামরিক উপদেষ্টা, বিশেষজ্ঞ এবং টেকনিশিয়ানও পাঠানো হয়েছে। এক প্রতিবেদনে এ সব কথা উল্লেখ করেছে তথাকথিত মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

এতে বলা হয়েছে, সিরিয়ার লাতাকিয়া প্রদেশে বড় পরিসরের বিমান নামতে পারে এমন দীর্ঘ রানওয়ে তৈরি করছে রাশিয়া। এ রানওয়ে লাতাকিয়ার হামাইমিন বিমান ঘাঁটির কাছে বানানো হচ্ছে বলে এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

লন্ডন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থাটির প্রতিবেদনে আরো বলা হয়েছে, সিরিয়ার একটি কৃষি বিমানবন্দরের সম্প্রসারণ করছে মস্কো। এটি সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় তারতুস প্রদেশের আল-হামিদিয়া অঞ্চলে অবস্থিত। শস্যে পোকা মারার ওষুধ ছিটানোর কাজে এ বিমানবন্দরটি ব্যবহৃত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে, রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ রানওয়ে তৈরির পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে রাশিয়া।

জেডআই