ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সিয়াচেন হিমবাহে ১৮ বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া এক সেনার লাশ উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। বরফে জমাট বেঁধে যাওয়া লাশটি গত সপ্তাহে উদ্ধার করা হয়।
কাশ্মিরের প্রধান শহর শ্রীনগর থেকে সাড়ে ৪০০ কিলোমিটার দূরের লেহ শহরের পুলিশ সুপার সুনীল গুপ্ত ফরাসি বার্তা সংস্থা এএফপিকে টেলিফোনে এ কথা জানিয়েছেন।
গুপ্ত জানান, উত্তর প্রদেশের এ হতভাগ্য সেনা হয়ত তুষার ধসে চাপা পড়ে মারা গিয়েছিলেন। লাশটি তার নিজ রাজ্যে পাঠিয়ে দেয়া হবে। তিনি আরো জানান,মৃত সেনার পকেটে পাওয়া কাগজপত্র দেখে তার লাশ শনাক্ত করা হয়েছে। লাশ উদ্ধার করতে প্রচণ্ড বেগ পেতে হয়েছে উল্লেখ করে পুলিশ সুপার জানান, এটি ছিল এক দুঃস্বপ্ন এবং এ কাজে পাঁচদিন ব্যয় হয়েছে।
কাশ্মিরের উত্তরাঞ্চলে সিয়াচেন হিমবাহ সমুদ্রপৃষ্ঠ থেকে ২০,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। বিশ্বে ৮,০০০-এর বেশি উচ্চতায় যে ১৪টি শৃঙ্গ রয়েছে তার অন্যতম হলো সিয়াচেন হিমবাহ।
বিশ্বের সবচেয়ে উঁচু রণক্ষেত্র হিসেবে বিবেচিত সিয়াচেনের তাপমাত্রা অনেক সময় মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। এ হিমবাহে সামরিক উপস্থিতি বজায় রাখা ভারত ও পাকিস্তান দু’দেশের জন্যই বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সিয়াচেন এলাকায় ১০ থেকে ২০ হাজার পাকিস্তানি ও ভারতীয় সেনা মোতায়েন রয়েছে।
২০১২ সালের ৭ এপ্রিল এক প্রচণ্ড তুষার ধসে সিয়াচেনে কর্নেলসহ ১২৭ জন পাক সেনা এবং ১১ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছিল। ১৯৮৪ সালের পর থেকে এ পর্যন্ত এ এলাকায় ৮,০০০ ভারতীয় সেনা নিহত হয়েছে। যুদ্ধ নয় বরং বৈরী প্রাকৃতিক আবহাওয়া, তুষার ও ভূমিধস, তীব্র শীতে জমে গিয়ে কিংবা উচ্চতাজনিত রোগ বা হৃদরোগে এ সব হতভাগ্য সেনার মৃত্যু হয়েছে।
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম,টিআই





