ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বৃহস্পতিবার দখলদার সেনাদের একটি টহল দলের ওপর স্বাধীনতাকামীদের হামলায় ৩ সৈন্য, ৩ বেসামরিক লোক ও ৩ স্বাধীনতাকামী নিহত হয়েছেন। এদিকে পাকিস্তানি সৈন্যদের সঙ্গে সীমান্তের কাছে ভারতীয় সৈন্যদের সংঘর্ষ চলছে। নিরাপত্তা কর্মকর্তারা এ কথা জানান।

নেপালে যখন এক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্মেলন (সার্ক) অনুষ্ঠিত হচ্ছে ঠিক সেই মুহূর্তে এই হামলার ঘটনাটি ঘটল। সম্মেলনে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী যোগ দিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান তিক্ততার জের ধরে সম্মেলনটি নিষ্ফল হতে যাচ্ছে।

পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত থেকে মাত্র চার কিলোমিটার দূরে ভারতশাসিত কাশ্মীরের আরনিয়া শহরের কাছে এ ঘটনা ঘটে। খবর এএফপি’র।

স্থানীয় পুলিশের উপ-মহাপরিচালক শাকিল বেগ জানান, উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় ক্রসফায়ারে তিন বেসামরিক লোক নিহত হয়েছেন। আজ ভোরের এই ঘটনায় তিন স্বাধীনতাকামীও নিহত হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক সেনা কর্মকর্তা বলেন, ‘প্রাথমিক হামলায় তিন সৈন্য নিহত ও অপর একজন আহত হয়েছে।’

কাশ্মীরের এই স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধারা পাকিস্তান ভূখন্ড থেকে সীমানা পেরিয়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ঢুকে একটি পরিত্যক্ত বাংকারে প্রবেশ করে বলে সন্দেহ করা হচ্ছে। হামলার পর ভারতীয় সৈন্যরা বাংকারটিকে ঘিরে ফেললে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।

এমএ