বিশ্বব্যাপী চলছে মহামারী করোনাভাইরাসের (কোভিড ১৯) দ্বিতীয় ঢেউ। নতুন করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর হার বেড়েই চলেছে।

আজ (২৭ ডিসেম্বর) রোববার সকালে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৩ লাখ ১৭ হাজার ৮২০ জনে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৭ লাখ ৫৬ হাজার ৯২১ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে ১ কোটি ৮৯ লাখ ৭৮ হাজার ৫৯ জন করোনায় আক্রান্ত এবং ৩ লাখ ৩১ হাজার ৯০২ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ১ কোটি ১ লাখ ৬৯ হাজারের বেশি এবং মারা গেছেন এক লাখ ৪৭ হাজার ৩৪৩ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী প্রায় ৭৪ লাখ ৬৬ হাজার এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯০ হাজার ৭৯৫ জনের।

রোগী শনাক্তের দিক দিয়ে তালিকার পরবর্তী কয়েকটি দেশ হলো রাশিয়া (২৯ লাখ ৯২ হাজারের বেশি), ফ্রান্স (২৬ লাখ ৭ হাজারের বেশি), যুক্তরাজ্য (২২ লাখ ৬২ হাজারের বেশি) ও তুরস্ক (২১ লাখ ৩৩ হাজারের বেশি)।

মৃতের দিক দিয়ে বিশ্বে চতুর্থ স্থানে আছে মেক্সিকো (এক লাখ ২২ হাজার ২৬ জন)। তারপরে ইতালিতে ৭১ হাজার ৬২০ জন, যুক্তরাজ্যে ৭০ হাজার ৫১৩ জন, ফ্রান্সে ৬২ হাজার ৬৯৪ জন ও ইরানে ৫৪ হাজার ৫৭৪ জন মারা গেছেন।

এদিকে, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৩ পুরুষ ও ৭ নারী। এনিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৪২৮ জন।

একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৮৩৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৮ হাজার ৯৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৮৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।

এমবি