যুক্তরাজ্যের এসেক্সে একটি লরির ভেতরে ৩৯ জনের লাশ পাওয়া গেছে।

মঙ্গলবার মধ্যরাতের দিকে ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে এসব লাশ পাওয়া যায়। তারপরই অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে পুলিশ ডাকা হয়।

এখন পর্যন্ত যতটুকু আভাস পাওয়া গেছে, তাতে মৃতদের মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক ও একটি কিশোর ছিল। হত্যার সন্দেহে উত্তর আয়ারল্যান্ড থেকে ২৫ বছর বয়সী একজনকে গ্রেফতার করা হয়েছে।

ট্রাকটি পাওয়া গেছে ওয়াটারগ্লাড শিল্প পার্কে। পুলিশ জায়গাটি ঘিরে রেখেছে। সেখানে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।

পুলিশের প্রধান সুপারইনটেন্ডেন্ট অ্যান্ড্রু মারিনার বলেন, এটা একটি মর্মান্তিক ঘটনা। যেখানে বেশ কিছু লোকের প্রাণহানি ঘটেছে। কী ঘটেছিল, তা জানতে আমাদের তদন্ত চলছে।

তিনি বলেন, আমরা মরদেহ শনাক্তে কাজ করছি। তবে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া হতে পারে বলে আমি ধারনা করছি।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ট্রাকটি বুলগেরিয়া থেকে এসেছে। ১৯ অক্টোবর শনিবার হলিহেড থেকে সেটি ব্রিটেনে ঢোকে।

এ ঘটনায় তদন্ত করতে আমাদের অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। ট্রাক চালককে আটক করে হাজতে নেয়া হয়েছে।

এএস