নাইজেরিয়ার সেনাবাহিনী বলেছে, দেশটির উগ্রবাদী সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম স্কুলের মেয়েদের অপহরণ করে কোথায় আটকে রেখেছে তা তাদের জানা আছে। কিন্তু নিরাপত্তার কথা ভেবে বল প্রয়োগে ছাত্রীদের উদ্ধারের চেষ্টা করা হবে না বলে দেশটির সেনাপ্রধান এয়ার মার্শাল আলেক্স বাদেহর বরাত দিয়ে জানান হয়েছে। এপ্রিলের গোড়ার দিকে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে দুই শতাধিক ছাত্রীকে অপহরণ করেছে বোকো হারাম। এয়ার মার্শাল আলেক্স বাদেহ বলেছেন, মা-বাবাদের জন্য ভাল খবর এই যে তাদের অপহৃত মেয়েদের কোথায় রাখা হয়েছে তা নাইজেরিয়ার সেনাবাহিনী জানে কিন্তু সে স্থানটির নাম প্রকাশ করা হবে না। এ ছাড়া, উদ্ধারের চেষ্টা চালাতে যেয়ে আটক মেয়েরা নিহত হউক তাও নাইজেরিয়ার সেনাবাহিনী চায় না বলে জানান তিনি। এদিকে, গত শুক্রবার নাইজেরিয়ার শীর্ষস্থানীয় এক কর্মকর্তা স্থানীয় একটি দৈনিককে বলেছেন, উত্তর নাইজেরিয়ার চাদ হ্রদের কাছে তিনটি শিবিরে অপহৃত ছাত্রীদের আটক রাখা হয়েছে বলে খোঁজ পাওয়া গেছে। যেখান থেকে ছাত্রীদের অপহরণ করা হয়েছে সেখান থেকে এ অঞ্চলটি প্রায় ২০০ মাইল দূরে অবস্থিত। এর আগে, সরকারের হাতে  আটক সদস্যদের বিনিময়ে এ সব ছাত্রীকে মুক্তি দেয়ার প্রস্তাব দিয়েছিল বোকো হারাম। কিন্তু নাইজেরিয়ার সরকার তা নাকচ করে দিয়েছে। সূত্র: আইআরআইবি [b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]