ইসরাইলকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। মঙ্গলবার দেশটির প্রথম আন্তর্জাতিক আউয়ারগ্লাস ফেস্টিভাল-সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিরিয়ার পূর্ব গৌতায় ইসরাইল নতুন করে মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে।
আমির আব্দুল্লাহিয়ান আরও বলেন, সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর করার পরও ইসরাইল পূর্ব গৌতায় সন্ত্রাসী লেলিয়ে দিয়ে মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। দখলদার ইসরাইল গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে রাখতে চায়। মধ্যপ্রাচ্যে সংকট জিইয়ে রাখার জন্য তারা সব ধরনের উপায় অবলম্বন করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সহযোগিতায় ইসরাইল মধ্যপ্রাচ্যে অশুভ লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তবে ইরান তার মিত্রদের নিয়ে ইসরাইলের এসব অশুভ তৎপরতা রুখে দেবে বলে তিনি ঘোষণা করেছেন।
রাশিয়া অভিযোগ করেছে, সিরিয়ার পূর্ব গৌতা থেকে বেসামরিক লোকদের সরে যেতে বাধা দিচ্ছে সন্ত্রাসীরা। সিরিয়ার ইহুদিবাদবিরোধী প্রেসিডেন্ট বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করতে অনেক বছর ধরে চেষ্টা চালিয়ে আসছে ইসরাইল।
এসএম





