গত বুধবার (২৭ নভেম্বর) ভোর ৪টা থেকে হিজবুল্লা ও ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয়। গৃহহীন মানুষ ফের ঘরে ফিরতে শুরু করে। কিন্তু এর মধ্যেই ইসরায়েলের হামলা চুক্তির লঙ্ঘন বলে দাবি করেছে লেবানন। ইসরায়েলের সেনারা গুলিবর্ষণ ও রকেট হামলা করেছে বলে অভিযোগ দেশটির। এ ছাড়া গাজাতেও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে।
ইসরায়েলের সেনা জানিয়েছে, সীমান্ত অঞ্চলে তারা গুলি চালিয়েছে ও রকেট ছুড়েছে, কারণ সেখানে সন্দেহভাজনদের দেখা গিয়েছিল। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে বলে তারা জানিয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেবাননের দক্ষিণাঞ্চলে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে আজ শুক্রবার সকাল ৭টা পর্যন্ত কারফিউ জারির ঘোষণা দিয়েছিল। লেবাননের সেনারা জানিয়েছে, নির্দিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে সমস্ত তথ্য দেওয়া হবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হিজবুল্লা এবং ইসরায়েলের যে চুক্তি হয়েছে, সে অনুযায়ী ৬০ দিনের মধ্যে ইসরায়েলের সেনাকে লেবানন ছেড়ে চলে যেতে হবে। লেবাননের সেনারা হিজবুল্লা অধ্যুষিত অঞ্চলগুলোতে মোতায়েন থাকবে। কোনোপক্ষই অন্যপক্ষের ওপর আক্রমণ চালাবে না।
এফএইচ





