জম্মু-কাশ্মীর ইস্যুতে ভারতে মোদি সরকারের সিদ্ধান্তের পর একের পর এক বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে পাকিস্তান। ইতিমধ্যে ভারতের সাথে বিমান ও রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে পাকিস্তান।

পাকিস্তানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতকেও দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এবং অতি শীঘ্রই ভারত থেকে পাাকিস্তানের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেবে পাকিস্তান।

এসব নিষেধাজ্ঞা ও নির্দেশের পর এবার ভারতীয় সিনেমা নিষিদ্ধ করল ক্ষুব্ধ পাকিস্তান।

জিও টিভির সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, আজ বৃহস্পতিবার পাকিস্তানি গণমাধ্যমগুলোকে সে দেশের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (তথ্য ও সম্প্রচার বিভাগ) ফিরদাউস আশিক আওয়ান এ সিদ্ধান্ত জানান।

জিও টিভির বরাত দিয়ে ইন্ডিয়া টুডে প্রতিবেদনে আরো জানিয়েছে, পাকিস্তানের সংসদের বাইরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন ফিরদাউস আশিক। তিনি বলেন, ভারতের সব সাংস্কৃতিক কনটেন্ট (আধেয়) নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীরে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের প্রতিবাদে পাকিস্তান এমন সিদ্ধান্ত নিল।

এর আগে গত সোমবার ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ তুলে নেওয়ার ঘোষণা দেয় ভারত সরকার। ৩৭০ অনুচ্ছেদের কারণে জম্মু ও কাশ্মীর অন্য যেকোনো ভারতীয় রাজ্যের চেয়ে বেশি স্বায়ত্তশাসন ভোগ করত। আর এ অনুচ্ছেদটি খুবই তাৎপর্যপূর্ণ। কারণ, এর ভিত্তিতেই কাশ্মীর রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়েছে।

অনুচ্ছেদ ৩৭০ ভারতীয় রাজ্য জম্মু ও কাশ্মীরকে নিজেদের সংবিধান ও একটি আলাদা পতাকার স্বাধীনতা দেয়। এ ছাড়া পররাষ্ট্র সম্পর্কিত বিষয়াদি, প্রতিরক্ষা এবং যোগাযোগ বাদে অন্য সব ক্ষেত্রে স্বাধীনতার নিশ্চয়তাও দেয়।

এই ৩৭০ অনুচ্ছেদের সুবাদে কাশ্মীরের স্থায়ী বাসিন্দারাই শুধু সেখানে বৈধভাবে জমি কিনতে পারতেন, সরকারি চাকরি করার সুযোগ পেতেন এবং সেখানে ব্যবসা পরিচালনা করতে পারতেন।

ওই অনুচ্ছেদ বিলোপের বিষয়টি কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির পুরোনো রাজনৈতিক এজেন্ডাগুলোর একটি। কিন্তু এ সিদ্ধান্তের ফলে সেখানে তীব্র প্রতিক্রিয়া তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।

জেড