ভারতের অন্ধ্র প্রদেশে ঘূর্ণিঝড় হুদহুদের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২-এ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মঙ্গলবার ঘূর্ণিঝড় আক্রান্ত এলাকা হেলিকপ্টারে করে পরিদর্শন করবেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
অন্ধ্র প্রদেশের সরকারি মুখপাত্র পারাকালা প্রভাকর জানান, নিহতদের মধ্যে বিশাখাপত্তমে ১৫ জন, ভিঝিয়ানাগরমে ৬ জন এবং শ্রিকাকুলামে একজন রয়েছেন। ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ৬,৬০০ বাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ১,৭৮০টি গবাদি পশু মারা গেছে।
প্রধানমন্ত্রী মোদী ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির ব্যাপারে অন্ধ্র প্রদেশের মূখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ুর সঙ্গে বৈঠক করেছেন। এরপর তিনি আক্রান্ত এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত নেন। হেলিকপ্টারে করে তিনি পরিদর্শন করবেন। মঙ্গলবার বিকেলে তিনি সবচেয়ে আক্রান্ত এলাকা বিশাখাপত্তমে অবতরণ করবেন।
ঘূর্ণিঝড়ের আঘাতে গাছপালা রাস্তার উপর উপড়ে পড়ে রয়েছে। বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হাসপাতালগুলো আশ্রয়প্রার্থীদের দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। তারা খাদ্য ও পানির জন্য অপেক্ষা করছেন। মুদি দোকানগুলোর সামনে ক্রুদ্ধ জনতা দীর্ঘ লাইনে দাড়িয়ে আছেন। নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহের দাম দোকানদাররা বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করছেন তারা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এসএমএ





