যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিসের পূর্বাংশে ওয়াশিংটন স্কয়ার মলে এক বন্দুকধারীর গুলিতে তিনব্যক্তি আহত হয়েছেন।

ইন্ডিয়ানাপলিসের মেট্রোপলিটান পুলিশের মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটের দিকে একটি শপিং মলের বারান্দায় সন্দেহভাজন হামলাকারী গিয়ে হাজির হয়। সেখানে সে পূর্বপরিচিত কারো মুখোমুখি হয় এবং গুলি চালায়। এতে ওইব্যক্তিসহ আরো দুইজন আহত হন বলে পুলিশ জানিয়েছে।

ডেপুটি প্রধান ব্রায়ান মাহোনে স্থানীয় টেলিভিশনকে বলেন, “সুনির্দিষ্ট কাউকে লক্ষ করেই এই হামলা চালানো হয়েছে। তাদের মাঝে কথাও হয়েছিল। এটি কোনো এলোমেলো হামলা নয়।”

তিনি বলেন, হামলার পর সন্দেহভাজন হামলাকারী শপিং মল ছেড়ে পালিয়ে যান। তাকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

ইন্ডিয়ানাপলিসের পুলিশ সার্জেন্ট কেন্ডালে অ্যাডামস বলেন, গুলিতে আহত দুই পুরুষ ও এক নারীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

টেলিফোনে অ্যাডামস বলেন, “আহত কেউই মৃত্যুঝুঁকিতে নেই।”

ইআর