মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে আলোচনা করার আহ্বান জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

এক টেলিফোন আলাপে ওবামার আসন্ন ভারত সফরকে সামনে রেখে এ আহ্বান জানান শরীফ। ভারতের আসন্ন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার জন্য ওবামার আগামী জানুয়ারি মাসে নয়াদিল্লি সফরের কথা রয়েছে।

ওবামা শুক্রবার এ সফরের বিষয়টি জানানোর জন্য পাক প্রধানমন্ত্রীকে ফোন করেন। পাক প্রধানমন্ত্রীর দফতর থেকে আজ শনিবার দেয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

এ ফোনালাপে নওয়াজ শরীফ বলেছেন, কাশ্মীর সংকটের আগাম সমাধান হলে দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সহযোগিতা প্রতিষ্ঠিত হবে। অন্যদিকে ওবামা বলেন, তার প্রশাসন পাকিস্তান ও ভারতের মধ্যে শান্তিপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কামনা করে।