ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দুই কিশোরকে হত্যার ঘটনায় বিরল দুঃখ প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে গত শুক্রবার দুঃখ প্রকাশ করা হয়। খবর এএফপি’র।
কাশ্মীরের শ্রীনগরে গত সোমবার একটি গাড়িতে চড়ে যাওয়ার সময় সেনা সদস্যদের ছোড়া গুলিতে দুই কিশোর নিহত ও অন্য এক কিশোর আহত হয়।
এ ঘটনার পর গত শুক্রবার টেলিভিশনে দেওয়া বক্তব্যে সেনাবাহিনীর উত্তরাংশের প্রধান লেফট্যানেন্ট জেনারেল ডি এস হুদা বলেন, ‘কাশ্মীরে দুই কিশোর নিহতের দায় আমরা নিচ্ছি। ভুলক্রমে ওই ঘটনা ঘটেছে।’
তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল একটি সাদা গাড়িতে চড়ে সন্ত্রাসীরা গন্তব্যে পৌঁছাচ্ছে। সেনা সদস্যরা গাড়িটি চিহ্নিত করতে ভুল করায় এ ঘটনা ঘটে।’
হুদা জানান, সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে ওই হতাহতের ঘটনা তদন্ত করা হবে।
এর আগে নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি করে দেওযার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু পরিবারগুলোর সদস্যরা তা প্রত্যাখ্যান করে।
১৯৪৭ সালে ব্রিটিশ কলোনিজম থেকে মুক্তি পাওয়ার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা বিরাজ করছে। এ নিয়ে উভয় পক্ষে সবসময়ই উত্তেজনা বিরাজ করে।
এএইচ





