আমেরিকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জোলমোত বলেছেন, পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের পিঠে ছুরি মেরেছেন।

একইসঙ্গে ইসরাইল-ফিলিস্তিনের দ্বন্দ্ব নিরসনের বিষয়ে ট্রাম্প নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।

ওয়াশিংটনের ‘মিডল ইস্ট ইনস্টিটিউশন’ এ দেয়া বক্তৃতায় হুসাম জোলমোত আরও বলেন, “৬ ডিসেম্বর ট্রাম্পের দেয়া ঘোষণায় সবাই অবাক হয়েছেন এবং ‘নায্য মধ্যস্থতাকারী’ হবেন এবং দু’পক্ষের মধ্যে চূড়ান্ত চুক্তি করতে সাহায্য করবেন বলে ট্রাম্প যে ওয়াদা দিয়েছিলেন তা তিনি নিজেই হত্যা করেছেন।”

ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, “৬ ডিসেম্বরের আগ পর্যন্ত আমাদের সমস্ত চিন্তা ইতিবাচক ছিল। আমাদের সমস্ত উদ্বেগ সত্ত্বেও আমরা ট্রাম্প প্রশাসনকে একটা সুযোগ হিসেবে মনে করেছিলাম।”

জোলমোত আরও বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে ট্রাম্পের সমর্থন নিয়ে সন্দেহ থাকলেও ফিলিস্তিন কর্তৃপক্ষ একটা আপোশরফা করতে চেয়েছিল। কিন্তু ক্ষমতায় আসার এক বছর পরও ট্রাম্প প্রশাসন ফিলিস্তিন ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করতে পারে নি। প্রকৃতপক্ষে রিপাবলিকান প্রেসিডেন্টের সমস্ত বিবৃতি মারাত্মকভাবে ইসরাইলের প্রতি পক্ষপাতপূর্ণ।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, “আমাদের অধিকার বিক্রির জন্য নয়। বিশ্বকে বুঝতে হবে যে, যখন জাতীয় স্বার্থ ও মানবাধিকারের প্রশ্ন আসে তখন অর্থনৈতিক সহযোগিতা বন্ধের মাধ্যমে চাপ সৃষ্টি কোনো কাজ করে না।

এখন আসলে আলোচনায় বসার মতো কোনো অবস্থা নেই কারণ ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন।”

এমবি