অধিকৃত পশ্চিম তীরের উত্তরে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছে। উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ইসরায়েলি বাহিনীর গুলির আঘাতে তাদের মৃত্যু হয়। খবর আল জাজিরার।
জেনিন সিটি হাসপাতাল জানিয়েছে, গুলির আঘাত নিয়ে সালেহ মোহাম্মদ আম্মার (১৯) এবং রায়েদ জিয়াদ আবু সেইফ (২১) নামে দুজনকে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পর তাদের মৃত্যু হয়।
হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর ছোঁড়া গুলিতে আহত হয়ে দুজন নাগরিককে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পর তাদের মৃত্যু হয়।
সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে নুর জাররার এবং আমজাদ ইয়াদ আজমি নামের আরও দুজন নিহত হয়েছে। তবে তাদের দেহ নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী।
জেনিনের গভর্নর ওই চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এসময় আরও অন্তত দুজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজনকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়। মোহাম্মদ আবু জিনা নামে আরেকজনকে তার বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফিলিস্তিনিদের একটি গ্রুপ ইসরায়েলি পুলিশ মুস্তা’রিবিনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইসরায়েলি পুলিশের আন্ডারকভার এই ইউনিটটির সদস্যরা ফিলিস্তিনিদের বেশভূষা ধারণ করে থাকে।
জানা গেছে, ইসরায়েলি সেনাবাহিনী ওই শিবিরে প্রবেশের কিছুক্ষণ আগে ‘তরুণদের একটি বড় গ্রুপকে লক্ষ্য করে সরাসরি’ গুলি করে মুস্তা’রিবিনের এজেন্টরা। এর কিছুক্ষণ পরই সেখানে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।
এবিএস





