থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মঙ্গলবার পুলিশের সঙ্গে সরকার বিরোধীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪২ জন। আহতদের মধ্যে ১৪ জন পুলিশ বলে জানা গেছে। খবর আলজাজিরা ও রয়টার্সের।
ব্যাংককের কেন্দ্রস্থলে সরকারি কার্যালয়ের আশপাশে অবস্থান নেয়া সরকার বিরোধীদের হটিয়ে দিতে মঙ্গলবার সকালে অভিযানে নামে পুলিশ। সরকার এ অভিযানের নাম দিয়েছে 'পিস ফর ব্যাংকক'। অভিযানের শুরুতেই মঙ্গলবার সকালে শতাধিক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।
সরকারি কার্যালয় থেকে বিক্ষোভকারীদের হটাতে টিয়ারগ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। 'পিস ফর ব্যাংকক' অভিযানে অংশ নিতে কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়। এর মধ্যে দাঙ্গা পুলিশও রয়েছে।
বিক্ষোভকারীদের দাবি হচ্ছে, প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। এরপর একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার অল্পদিনের জন্য ক্ষমতায় আসবে। এই সরকার একটি নির্বাচনের আয়োজন করবে। তাছাড়া, ইংলাক সরকারের দুর্নীতির তদন্তও করবে এ অন্তর্বর্তী সরকার।
গত বছর থেকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে এখন নতুন মাত্রা পেয়েছে। কেননা, ইংলাক পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছেন। তবে, সদ্য ভেঙ্গে দেয়অ পার্লামেন্ট সদস্যদের নিয়েই এ অন্তর্বর্তী সরকার গঠন করেন তিনি। কিন্তু বিরোধীদের দাবি হচ্ছে, অন্তর্বর্তী সরকার থেকে ইংলাককে সরে দাঁড়াতে হবে। এ ছাড়া, সরকারের সদস্যরা হবেন নিরপেক্ষ ও অনির্বাচিত।
ব্যাংককের কেন্দ্রস্থলে প্রধানমন্ত্রীর কার্যালয় বিক্ষোভকারীরা ঘেরাও করে রাখায় ইংলাক এখন ব্যাংককের অদূরে একটি অস্থায়ী কার্যালয়ে অফিস করছেন। সূত্র: আলজাজিরা ও রয়টার্স
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ  [/b]