ভারতজুড়ে লকডাউন জারি সত্ত্বেও নাগাড়ে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫৬১ জন। ভারতজুড়ে মোট আক্রান্ত ৫২ হাজার ৯০০ জন। আর ১ হাজার ৭৮৩ জনের মৃত্যু হয়েছে।

আজ (০৭ মে) বৃহস্পতিবার সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড- ১৯ রোগে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৬১ জন। সারা দেশের হিসাবে, সব মিলিয়ে মোট করোনা রোগী ৫২হাজার ৯০০ জন, এঁদের মধ্যে থেকে ১ হাজার ৭৮৩ জনের মৃত্যু হয়েছে। গত একদিনে করোনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ৮৯ জন।

জানুয়ারি মাস থেকেই এদেশে প্রথম ওই মারণ রোগের সংক্রমণ শুরু হয়। তারপরেই সারা দেশে ছড়িয়ে পড়েছে ওই রাক্ষুসে ভাইরাসটি। এর সংক্রমণ থেকে বাঁচতে গত ২৫ মার্চ থেকে লকডাউন জারি করা হয়েছে সারা দেশে। দু'বার বাড়ানোও হয়েছে লকডাউনের মেয়াদ। আপাতত ১৭ মে পর্যন্ত লকডাউন চলবে দেশে। কিন্তু তারপরেই রেহাই মিলছে না এই রোগের হাত থেকে।

এখনও পর্যন্ত ১৫ হাজার ২৬৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রক। তারা জানিয়েছে, করোনা রোগীদের পুনরুদ্ধারের হার এখন বেড়ে ২৮.৭১ শতাংশ দাঁড়িয়েছে।

দেশের বিভিন্ন রাজ্যে হু-হু করে ছড়িয়েছে করোনা সংক্রমণ। তবে তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। উদ্ধব ঠাকরের রাজত্বে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত মোট ১৬ হাজার ৭৫৮ জন। তারপরেই রয়েছে গুজরাট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্যে কোভিড- ১৯ রোগে আক্রান্ত হয়েছেন মোট ৬ হাজার ৬২৫ জন। করোনার গ্রাসে দেশের রাজধানী দিল্লিও। সেখানে করোনা আক্রান্ত মোট ৫ হাজার ৫৩২ জন।

এমবি