ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তি সই করার উপায়ে নিয়ে আলোচনা করতে ইরানের পরমাণু আলোচক দল ভিয়েনার উদ্দেশ্যে তেহরান ত্যাগ করেছে। পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের নেতৃত্বে সোমবার ভোররাতে তেহরান ত্যাগ করে ইরানের প্রতিনিধিদল।
মঙ্গলবার অস্ট্রিয়ার ভিয়েনায় ইরানের পরমাণু বিষয়ক সবচেয়ে জটিল এ আলোচনা শুরু হচ্ছে। জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তরে এ আলোচনা অনুষ্ঠিত হবে। সংলাপে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ক্যাথেরিন অ্যাশ্টোন ছয় জাতিগোষ্ঠীর নেতৃত্ব দেবেন।
ইরানের প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে রয়েছেন- আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি,  ইউরোপ ও আমেরিকা বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতে রাভানচি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও আন্তর্জাতিক বিষয়ক মহাপরিচালক হামিদ বায়িদিনেজাদ এবং পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা দাউদ মোহাম্মাদনিয়া। এ ছাড়া, ইরানের আণবিক শক্তি সংস্থার  অন্যতম মহাপরিচালক মোহাম্মাদ আমিরির নেতৃত্বে এ সংস্থার একটি প্রতিনিধিদলও ভিয়েনা সফরে জাওয়াদ জারিফকে সঙ্গ দিচ্ছেন।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সংকট সমাধানের লক্ষ্যে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানিকে নিয়ে ছয় জাতিগোষ্ঠী গঠিত। এ গোষ্ঠীর সঙ্গে গত নভেম্বরে ছয়মাসের একটি অন্তর্বর্তী চুক্তি সই করে ইরান। গত ২০ জানুয়ারি ওই চুক্তি বাস্তবায়নের কাজ শুরু করেছে। চুক্তিতে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ২০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনার এবং এর বিনিময়ে পাশ্চাত্যের পক্ষ থেকে কিছু কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়েছে।
ভিয়েনায় মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া আলোচনার লক্ষ্য হবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এমন একটি চুক্তিতে উপনিত হওয়া যেখানে তেহরান আন্তর্জাতিক আইন মেনে তার শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে পারে; সেইসঙ্গে দেশটির ওপর চাপিয়ে দেয়া সব নিষেধাজ্ঞা যাতে প্রত্যাহার করা যায়।
সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]