প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে সফরে গেলেন ক্যাথলিক খ্রিষ্টানের প্রধান পোপ ফ্রান্সিস। ছয় দিনের সফরে ৭৮ বছর বয়সী ফ্রান্সিস ওয়াশিংটনের বাইরে এন্ড্রুজ এয়ার ফোর্স ঘাঁটিতে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান প্রেসিডেন্ট বারাক ওবামা, তার স্ত্রী মিশেল ও তাদের দু’কন্যা।

এছাড়া মার্কিন ক্যাথলিক নেতৃবৃন্দ ও নির্বাচিত কয়েকশ লোক হাত নেড়ে যুক্তরাষ্ট্রের মাটিতে তাকে স্বাগত জানান। ওয়াশিংটন এলাকার ক্যাথলিক স্কুলসমূহের শিশু শিক্ষার্থীরাও পোপকে স্বাগত জানান।

বুধবার প্রেসিডেন্ট ওবামা হোয়াইট হাউজে তাকে স্বাগত জানান। হোয়াইট হাউস মুখপাত্র জোস আর্নেস্ট সাংবাদিকদের বলেন, ওভাল অফিসে পোপ ফ্রান্সিস ও প্রেসিডেন্ট ওবামা মধ্যে কোন রাজনৈতিক আলোচনা হবে না।

সফরকালে পোপ ফ্রান্সিস যেসব বক্তৃতা দেবেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো দুটি। এর একটি দেবেন বৃহস্পতিবার কংগ্রেসে এবং অপরটি শুক্রবার জাতিসংঘে।

পোপ কিউবা থেকে যুক্তরাষ্ট্রে আসেন। এ সময়ে তিনি সাংবাদিকদের বলেন, বক্তব্য রাখার সময় আমেরিকান আইনপ্রণেতাদের সামনে তিনি নির্দিষ্ট করে হাভানার ওপর মার্কিন অবরোধের প্রসঙ্গটি তুলে ধরবেন না। তবে তিনি এর বিরোধিতা করেন। পোপ বলেন, তিনি কেবল হাভানার নয়, সকল অবরোধেরই বিপক্ষে।

জেডআই