ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, দেশের জনগণের ভেতরে ঐক্য থাকার কারণে ইরানকে পরাজিত করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) ইরানের মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দেয়ার সময় প্রেসিডেন্ট রুহানি এই মন্তব্য করেন।
ড. রুহানি বলেন, “যুক্তরাষ্ট্র তার সর্বশক্তি নিয়োগ করে ইরানকে নতজানু করার চেষ্টা করেছে। গত দুই বছরে এমন কোনো চেষ্টা নেই যা যুক্তরাষ্ট্র করেনি কিন্তু তারা আমাদের জনগণের ঐক্যের কারণে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।”
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরানের ইসলামি সরকারের মূল শক্তি হচ্ছে জনগণের ঐক্য এবং তাদের আস্থা।
রুহানি আরও বলেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার ব্যাপারে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে কাছে পাওয়ার চেষ্টা করেছে। কিন্তু ইরানের জনগণের সজাগ দৃষ্টি, সচেতনতা, প্রতিরোধ এবং মহান ইরানি জাতির লড়াইয়ের মানসিকতার কারণে ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়নি।
আসন্ন বিপ্লব বার্ষিকী উপলক্ষে সারা ইরানে ব্যাপকভাবে সমাবেশে যোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট। তথ্য সূত্র- ইরানের সংবাদমাধ্যম
এমবি





