আগামী বৃহস্পতিবার থেকে ইরানে শুরু হচ্ছে বিশাল সামরিক মহড়া। এ মহড়ার নাম দেয়া হয়েছে ‘মুহাম্মাদ রাসুলুল্লাহ’। ‘খাতামুল আম্বিয়া’বিমান প্রতিরক্ষা ঘাঁটির সহযোগিতায় বিশাল এ মহড়া চালাবে ইরানের সশস্ত্র বাহিনী। ছয় দিন ধরে চলবে এ মহড়া।
ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়াল এডমিরাল হাবিবুল্লাহ সায়েরি মঙ্গলবার বলেন, 'মুহাম্মাদ রাসুলুল্লাহ'সামরিক মহড়ায় ইরানের সামরিক সক্ষমতা তুলে ধরা হবে। এ মহড়ায় পদাদিক, নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা অংশ নেবে।
প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর কাছে শান্তি ও বন্ধুত্বের বার্তা পৌঁছানোই এ মহড়ার লক্ষ্য। এ সামরিক মহড়া হরমুজ প্রণালীর উত্তর অংশ থেকে এডেন সাগরের দক্ষিণ অংশ পর্যন্ত প্রায় ২০ লাখ বিশ হাজার বর্গ কিলোমিটার এলাকাজুড়ে চলবে।
নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে মহড়ায় বিভিন্ন ধরণের যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার, সাবমেরিন, ক্ষেপণাস্ত্র, বিমান এবং হেলিকপ্টার ব্যবহার করা হবে বলে ইরানি ওই কমান্ডার জানান।
ইরান সবসময়ই বলে আসছে- দেশটির সামরিক শক্তি অন্য কোনো দেশের জন্য হুমকি সৃষ্টি করবে না। প্রতিরোধই ইরানের সামরিক নীতির প্রধান বিষয় বলে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে। রেডিও তেহরান
ইআর





