কাবুলে জঙ্গিরা অপহরণ করল কলকাতার এক মহিলাকে। নাম জুডিথ ডি’সুজা (৪০)।জুডিথ কাবুলে আগা খান ফাউন্ডেশন নামে একটি আন্তর্জাতিক সংস্থায় টেকনিক্যাল অ্যাডভইজার হিসাবে কাজ করতেন। জুডিথের মুক্তিতে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক থেকে কাবুল সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। পাশাপাশি, কলকাতায় অপহৃতের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।
বৃহস্পতিবার রাতে জুডিথকে অপহরণ করা হয় বলে খবর। জুডিথের অপহরণের খবর স্বীকার করে বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, “জুডিথ ডি’সুজাকে অপরহণ করা হয়েছে বলে আমরা খবর পেয়েছি। বিষয়টি নিয়ে বিদেশমন্ত্রক উদ্বিগ্ন। আফগানিস্তানে আমাদের দূতাবাস বিষয়টি নিয়ে আফগান সরকারের সঙ্গে কথা বলছে। আফগান প্রশাসন আমাদের সব রকম সাহায্য করছে।” কাবুলের একটি তদন্তকারী দল এবং স্পেশাল ফোর্স অপহৃতের মোবাইল টাওয়ার চিহ্নিত করার চেষ্টা করছে বলেও জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত মাসেই কাবুলের ভারতীয় দূতাবাস থেকে সে দেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়। একটি বিবৃতি দিয়ে বলা হয়, “আফগানিস্তানে ঘুরতে আসা ভারতীয় পর্যটকরা এবং এ দেশে বসবাসকারী ভারতীয়দের সকলকেই জানানো হচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি খুব একটা ভাল নয়। যে কোনও মুহূর্তে বিদেশিদের উপর জঙ্গি হামলা হতে পারে। অপহরণের মতো ঘটনাও ঘটতে পারে। সমস্ত ভারতীয়দের তাই সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে।”
জেড





