ভারতে চলছে নির্বাচন। আর নির্বাচন ঘিরে চলছে নেতাদের একে অপরের প্রতি আক্রমণ-পাল্টা আক্রমণ ও কথার লড়াই। কখনো কখনো এই আক্রমণ ব্যক্তিগত পর্যায়ে এবং তা শেষ পর্যন্ত গিয়ে গড়ায় বিয়ে বিষয়ে।
বিয়ে নিয়ে সমাজবাদী দলের নেতা মুলায়ম সিং যাদবের মন্তব্যে চটেছেন বহুজন সমাজবাদী পার্টির (বিএসপি) নেতা মায়াবতী। এদিকে বিয়ে ও বউ নিয়ে আজ মোদির সমালোচনা করলেন ক্ষমতাসীন দল কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং।
ভারতে ভোটের লড়াইয়ের মাঝেই এক টুকরো বিনোদন নিয়ে এলেন দিগ্বিজয় সিং। কানাঘুষা শুরু হওয়ার পর খুদে ব্লগ লেখার সাইট টুইটারে এক বার্তায় বুধবার টেলিভিশন সাংবাদিক অমৃতা রায়ের সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করেন দিগ্বিজয় সিং।
নির্বাচনে প্রধানমন্ত্রী পদে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী নরেন্দ্র মোদি সম্পর্কে বৃহস্পতিবার দিগ্বিজয় সিং বলেছেন, ‘মোদি কাপুরুষ, কারণ অনেক দিন তিনি তাঁর স্ত্রী যশোদাবেনের কথা গোপন রেখেছিলেন। আমি মোদির মতো নই,যে নিজের বউয়ের কথা লুকায়।’
এর আগে মোদি নিজের বিয়ের কথা স্বীকার করে নেওয়ার পর দিগ্বিজয় সিং টুইট করেছিলেন, যে মানুষ একজন নারীর সঙ্গে বঞ্চনা করেন, তাঁকে কি দেশের নারীরা বিশ্বাস করতে পারবেন?
অমৃতার সঙ্গে দিগ্বিজয়ের একটি ছবি কয়েক দিন আগে ইন্টারনেটে ফাঁস হয়। এরপর দিগ্বিজয় সিং গতকাল বুধবার টুইটারে এক বার্তায় বলেন,‘অমৃতা রায়ের সঙ্গে আমার সম্পর্কের বিষয়টি গ্রহণ করে নিতে আমার কোনো দ্বিধা নেই। অমৃতা ও তাঁর স্বামী উভয়ই ইতিমধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিচ্ছেদের কাগজপত্র দাখিল করেছেন।’
অমৃতার বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত হলেই তাঁরা সম্পর্কের বিষয়টি পাকাপাকি করে নেবেন বলেও জানান দিগ্বিজয়। টুইটারে আরেক বার্তায় তিনি লিখেছেন,‘বিষয়টা চূড়ান্ত হলেই আমরা আনুষ্ঠানিকতা সেরে নেব।’ এক বছর আগে ক্যানসারে দিগ্বিজয়ের স্ত্রীর মৃত্যু হয়।
অমৃতাও তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেন। তিনি টুইটারে লিখেছেন,‘আমি আমার স্বামীর সঙ্গে আর নেই...আমি দিগ্বিজয় সিংকে বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়েছি।’ খবর এনডিটিভি ও জিনিউজ।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]