মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ করেছে দেশটির সরকার। দক্ষিণ-পূর্ব এশিয়া ভিত্তিক মানবাধিকার সংগঠন 'ফরটিফাই রাইটস' মঙ্গলবার তাদের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
"মিয়ানমার: রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে অপমানজনক নিষেধাজ্ঞা এবং আচরণের বিলোপ সাধন" শীর্ষক প্রতিবেদনে সরকারের কিছু নথিপত্র প্রকাশ করা হয়। এসব নথিপত্রে দেখা যায়, রোহিঙ্গা মুসলমানদের উপর বিভিন্ন নিপীড়নের ঘটনায় সরকার নিজে সম্পৃক্ত।
‘ফোরটিফাই রাইটস’ নামের সংগঠনটির নির্বাহী পরিচালক ম্যাথিউ স্মিথ বলেন, তাদের প্রতিবেদনে রোহিঙ্গাদের প্রতি সরকারের নীতির বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। এতে রোহিঙ্গাদের পারিবারিক জীবন, স্বাধীনভাবে চলাফেরার অধিকার ও ধর্ম চর্চায় বাধা দেওয়ার কথা বলা হয়েছে।
"বাস্তবতা হলো রোহিঙ্গাদের বিরুদ্ধে রাষ্ট্রের নীতিসমূহ এবং আচরণগুলো স্পষ্টত অপমানজন", যোগ করেন তিনি।
আন্তর্জাতিক সম্প্রদায়কে এসব নীতি এবং অচরণগুলোর বিষয়ে নিন্দা জানানোর পাশাপাশি এগুলোর বিলুপ্তি নিশ্চিত করার জন্য মিয়ানমান সরকারের সাথে কাজ করার আহ্বান জানান স্মিথ।
জাতিসংঘের ভাষায়, মিয়ানমারের পশ্চিম অঞ্চলে বসবাসরত রোহিঙ্গা সম্প্রদায় পৃথিবীর সবচেয়ে নির্যাতিত সম্প্রদায়গুলোর একটি।
‘ফোরটিফাই রাইটস'-এর রিপোর্টে রোহিঙ্গা মুসলিমদেরকে মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের সমান অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।
উল্লেখ্য, মিয়ানমারের মোট জনসংখ্যা ৬ কোটি। বৌদ্ধ ধর্মাবলম্বীরা দেশটিতে সংখ্যাগরিষ্ঠ। মিয়ানমারে গত কয়েক দশক ধরে চলেছে সামরিক শাসন। ২০১১ সালে সামরিক শাসনের অবসান ঘটে।

[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই
[/b]